আগামী ৬ জুলাই থেকে দুবাই ও আবু ধাবী রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করবে দেশের রাস্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার এক বার্তায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন এই তথ্য জানান।
সংশ্লিস্টরা বলেছেন, দেশের রাস্ট্রীয় ক্যারিয়ার বিমানের এই সিদ্ধান্তে দীর্ঘদিন প্রবাসে থাকা বাংলাদেশীদের দেশে ফেরা এবং দেশে আটকা পড়া প্রবাসীদের বিদেশে যাওয়ার পথ উন্মুক্ত হবে।
অন্যদিকে বিমানের সব ট্রাভেল পার্টনারদের দেয়া এক চিঠিতে বলা হয়েছে ৭ জুলাই থেকে বিমান আবুধাবী রুটে নিয়মিত সিডিউল ফ্লাইট শুরু করবে। জুলাইয়ের শেষ পর্যন্ত তা কার্যকর থাকবে।
বিমান সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে দুবাই ও আবুধাবিতে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। করোনাভাইরাসের মহামারির আগে এই দুটি রুটে প্রতিদিনই ফ্লাইট ছিল। কিন্তু বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে গত ৩০ মার্চ থেকে বিমানের মধ্যপ্রাচ্যের ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়।
বেবিচক গত ১৫ জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে এবং পরবর্তী সময়ে আরব আমিরাতে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। পরে ২১ জুন থেকে যুক্তরাজ্যের লন্ডনে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়।