২৭ লক্ষ ভারতীয় বিমানযাত্রীর মধ্যে করোনা আক্রান্ত অন্তত ৮০০

দু’মাস লকডাউনের পরে ভারতে শুরু হয়েছিল বিমান চলাচল। তার পরে কেটে গিয়েছে প্রায় দেড় মাস।
আর এই দেড় মাসে বিমানযাত্রীদের মধ্যে থেকে অন্তত ৮০০ জন করোনা পজিটিভ হয়েছেন।
তবে সংখ্যাটা এমনিতে শুনতে যত বড় মনে হচ্ছে, বাস্তবে মোট যাত্রীর সংখ্যার নিরিখে অবশ্য অত বেশি নয়।
গত দেড় মাসে ভারতে বিমানে যাতায়াত করেছেন ২৭ লক্ষ যাত্রী, তার মধ্যে ৮০০ জনের দেহে কোভিডের সংক্রমণের প্রমাণ মিলেছে।
সম্প্রতি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দফতর সূত্রে এমনই তথ্য মিলেছে।

ইতিমধ্যেই করোনা সংক্রমণের আতঙ্কে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব বিমানবন্দরে ১৪ দিনের জন্য বিমান চলাচল বন্ধ রাখার অনুরোধ করেছিল ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে।
সেই অনুরোধ মেনে ৬ জুলাই থেকে ১৯ জুলাই এ রাজ্যে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।
এ ছাড়া মুম্বই, বেঙ্গালুরুর মতো কয়েকটি শহরেও এখনও বিমান পরিষেবার জন্য সে ভাবে অনুমতি দেওয়া হয়নি।
এই অবস্থায় বিমান যাত্রায় ৮০০ জন করোনায় আক্রান্তের খবর আরও আতঙ্ক ছড়াবে বলে মনে করা হচ্ছে ৷

কলকাতা বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা ফের ১৯ জুলাইয়ের পর থেকে বিমান পরিষেবা শুরু হবে,
এই আশা নিয়ে প্রস্তুত থাকছি। তবে যে ভাবে কোভিড সংক্রমণ এ রাজ্যে বাড়ছে, তাতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”

Comments (0)
Add Comment