ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল শুরু

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর রোববার ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা-বরিশাল এবং বিকেল ৫টা ২৫ মিনিটে বরিশাল-ঢাকায় ইউএস-বাংলার ফ্লাইট চলাচল করবে। বরিশাল রুটে ফ্লাইট পুনরায় শুরু হওয়ায় বৃহত্তর বরিশালের ছয়টি জেলার মানুষের জন্য সহজে আকাশপথে রাজধানীসহ সারাদেশের সাথে যোগাযোগ স্থাপন সহজ হবে।

এতে আরও বলা হয়, সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য ন্যূনতম আড়াই হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট করলে গ্রাহকরা ভাড়ার ওপর ১২% মূল্যছাড়ের সুবিধাও পাবেন। এছাড়া ইউএস-বাংলার স্কাইস্টার গ্রাহকরা ১২% মূল্যছাড়ে এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানবহরে ছয়টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। বর্তমানে করোনা মহামারির সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট বরিশাল ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

Comments (0)
Add Comment