করোনার প্রভাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ক্ষতির সম্মুখীন হয়েছে আমেরিকান এয়ারলাইনস। তবে অর্থ খরচের পরিমাণ কমানোর দিক দিয়ে মার্কিন বিমান পরিবহন সংস্থাটি বেশ অগ্রগতি করেছে। গতকাল প্রকাশিত উপাত্ত অনুযায়ী, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে আমেরিকান এয়ারলাইনসের ক্ষতি হয়েছে ২১০ কোটি ডলার। অথচ গত বছরের একই প্রান্তিকে বিমান পরিবহন সংস্থটি ৬৬ কোটি ২০ লাখ ডলার। এছাড়া ৮৬ দশমিক ৪ শতাংশ পতনে এয়ারলাইনসটির আয় নেমে দাঁড়িয়েছে ১৬০ কোটি ডলারে। খবর এএফপি।
আমেরিকান এয়ারলাইনসের প্রধান নির্বাহী ডাগ পার্কার বলেন, বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে এ পরিস্থিতি থেকে উত্তরণে আমরা দ্রুত পদক্ষেপও নিয়েছি। এরই মধ্যে প্রতিদিনকার অর্থ খরচের পরিমাণ কমিয়ে আনার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে কয়েক হাজার কর্মীকে ছুটিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গত সপ্তাহে বিমান পরিবহন সংস্থাটি জানায়, অক্টোবরের শুরুতে ২৫ হাজার কর্মী ছাঁটাইয়ের শিকার হতে পারেন।