পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা নিরসনে আওয়ামী লীগের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন দেশটিতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী।
বাংলাদেশ কমিউনিটির যাবতীয় সাম্প্রতিক সমস্যা নিয়ে বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে লিসবনের দূতাবাসে বৈঠকে বসেন রাষ্ট্রদূত। বৈঠকটির বিষয়ে কয়েকদিন আগে দূতাবাস থেকেও এক বিবৃতি দেয়া হয়েছিল।
পর্তুগাল আওয়ামী লীগের ২৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি জহিরুল আলম জসিম। তিনি বাংলাদেশ কমিউনিটির পক্ষে যাবতীয় দাবি-দাওয়া তুলে ধরেন।
রাষ্ট্রদূত দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের এখানে লোকবলের সংকট এবং কোভিড-১৯ এর কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। খুব শিগগিরই বাংলাদেশ দূতাবাস এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন বলে পর্তুগাল নেতৃবৃন্দকে তিনি আশ্বস্ত করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- পর্তুগাল আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, সহ-সভাপতি মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইমরান হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জামাল ফকির, ইমদাদ হোসেন বাবু, তারেক আহমেদ, প্রচার সম্পাদক রেজাউল বাসিত, দফতর সম্পাদক জাকির হোসাইন, জনশক্তি বিষয়ক সম্পাদক শাহিদুজ্জামান বাদল, ক্রীড়া বিষয়ক সম্পাদক বেলাল হোসেন এবং আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, বশির উদ্দিন, জামাল উদ্দিন, তানভীর আলম জনি, উজ্জ্বল, টিটু এবং মনির হোসেন।