করোনা মহামারীর প্রকোপ কমে আসায় ফের সবধরনের আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান।
রোববার থেকেই দেশটির সব বিমানবন্দর থেকে পুরোদমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের বিমান চলাচল করবে।
গত মাসেই আংশিকভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছিল পাকিস্তান।
চলতি সপ্তাহের শুরুতে দেশটিতে সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি দেয়া হয়। এবার সব আন্তর্জাতিক ফ্লাইটও চালু হচ্ছে সেখানে।
গত মার্চে করোনা মহামারীর কারণে দেশব্যাপী লকডাউনের সঙ্গে সঙ্গেই পাকিস্তানে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
জুন মাসের দিকে সংক্রমণ কমতে থাকায় সেখানে ধীরে ধীরে এসব নিষেধাজ্ঞা শিথিলের প্রক্রিয়া শুরু হয়।