দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য নিজেদের আতিথেয়তা প্রশিক্ষণকেন্দ্র উন্মুক্ত করেছে এমিরেটস এয়ারলাইনস। প্রতিষ্ঠানগুলোর কর্মীদের দক্ষতা বাড়ানো এবং গ্রাহকসেবার মান উন্নত করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে তারা।
দুবাইয়ে এমিরেটসের ক্রু প্রশিক্ষণকেন্দ্রের ভেতরে অবস্থিত ‘সেন্টার অব হসপিটালিটি এক্সিলেন্স’ নির্মাণে ব্যয় হয়েছে ৮০ লাখ মার্কিন ডলার। অত্যাধুনিক এই প্রশিক্ষণকেন্দ্রে রয়েছে ১৭০ জন ধারণক্ষমতার রেস্তোরাঁ ও লাউঞ্জ, আধুনিক রান্নাঘর এবং প্রযুক্তিসমৃদ্ধ আটটি শ্রেণিকক্ষ। এমিরেটসের আন্তর্জাতিক মানের যাত্রীসেবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে থাকছে উন্নতমানের খাবার পরিবেশন, অতিথি আপ্যায়ন, সেবার শিষ্টাচার, গ্রাহকের সঙ্গে যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতা। মিশেলিন তারকাপ্রাপ্ত রেস্তোরাঁগুলোর আতিথেয়তার নীতিমালা অনুসরণ করে সাজানো হয়েছে এসব প্রশিক্ষণ। ইতোমধ্যে বিভিন্ন সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক বড় প্রতিষ্ঠান এই কেন্দ্রের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে।
এমিরেটসের সার্ভিস ডেলিভারি বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট থমাস নেই বলেন, উন্নত আতিথেয়তা নিশ্চিত করতে শুধু কারিগরি প্রশিক্ষণ যথেষ্ট নয়; মানুষের চাহিদা, সংস্কৃতি এবং সেবার উৎকর্ষ সম্পর্কে গভীর ধারণা থাকা প্রয়োজন। কয়েক দশকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমিরেটস এই প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের দক্ষতা ভাগ করে নিতে চায়।
প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন অনুযায়ী এক থেকে পাঁচ দিন মেয়াদি প্রশিক্ষণ আয়োজন করা যাবে। কর্মসূচির মধ্যে রয়েছে উন্নতমানের খাবার পরিবেশন ও টেবিল সাজানোর কৌশল, ওয়াইন সম্পর্কে শিক্ষা, রান্নার বিশেষ কৌশল, খাবারের উপস্থাপনা, দলগত কাজ এবং নেতৃত্বের প্রশিক্ষণ। পাশাপাশি এমিরেটসের নির্বাহীদের সঙ্গে মতবিনিময় এবং উড়োজাহাজের সিমুলেটর ও রান্নার প্রশিক্ষণকেন্দ্র ঘুরে দেখার সুযোগও থাকবে।
এমিরেটস জানিয়েছে, ২০২০ সালে সুইজারল্যান্ডের বিখ্যাত হোটেল ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান ইকোল হোটেলিয়ের দ্য লোজানের সঙ্গে যৌথভাবে উন্নত আতিথেয়তা কৌশল তৈরির উদ্যোগ নেয় তারা। সেই কৌশলের চারটি মূল ভিত্তি হলো উৎকর্ষ, মনোযোগ, উদ্ভাবন ও আন্তরিকতা।
বর্তমানে এমিরেটসে ১৪০টির বেশি দেশের ২৫ হাজারেরও বেশি কেবিন ক্রু কাজ করছেন। তারা ৭০টির বেশি ভাষায় কথা বলেন। দুবাইয়ের ক্রু প্রশিক্ষণকেন্দ্রে প্রত্যেক কেবিন ক্রুকে আট সপ্তাহের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উড়োজাহাজের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, চিকিৎসা, আতিথেয়তা ও যাত্রীসেবা অন্তর্ভুক্ত রয়েছে।
এমিরেটসের লক্ষ্য, নিজেদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে ভাগ করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন খাতে গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং দেশটির আন্তর্জাতিক আতিথেয়তার ভাবমূর্তি শক্তিশালী করা।