১৭ আগস্ট খুলছে বান্দরবানে পর্যটন স্পট

আগামী ১৭ আগস্ট খুলে দেওয়া হবে বান্দরবানের পর্যটন স্পটগুলো। আগামী ১৫ আগস্ট এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবে জেলা প্রশাসন।

করোনা মহামারির কারণে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ আছে পর্যটন স্পটগুলো। এতে বিরাট ক্ষতির মুখে পড়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।
এ ক্ষতি কাটিয়ে উঠতে আগামী শীত মৌসুমকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে ১৭ আগস্ট বান্দরবানে সব সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্র ও আবাসিক হোটেল-মোটেল খুলে দেওয়া হবে।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও পর্যটন ব্যবসায়ী কাজল কান্তি দাশ বলেন, ‘বান্দরবানে পাঁচ মাস ধরে পর্যটক নেই। তাই এখন কোনো আয়ও নেই।’

বান্দরবানের হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘এ জেলায় কর্মসংস্থান ও আয়ের বড় খাত হলো পর্যটন। পর্যটন স্পট খুলে দেওয়ার সিদ্ধান্তে আমরা খুশি।’

Comments (0)
Add Comment