এভিয়েশন নিউজ ডেস্ক
নজিরবিহীনভাবে ৫০ পাইলটকে বরখাস্ত করেছে ভারতের রাষ্ট্রয়াত্ত বিমান পরিষেবা সংস্থা ‘এয়ার ইন্ডিয়া। ছাঁটাইয়ের কারণ হিসেবে সাম্প্রতিক পরিস্থিতিকেই দায়ী করা হয়েছে। তবে বরখাস্তের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। খবর এনডিটিভি।
গত বছর জুলাই মাসে এয়ার ইন্ডিয়ার ৫০ জন পাইলট সময়মতো বেতন না দেওয়াসহ আরও বেশ কিছু ঘটনার প্রতিবাদ জানিয়ে ইস্তফা দেন। তবে সেই সময় তাদের ইস্তফার আবেদন গৃহীত হয়নি। পরে নিয়ম মেনে ছয় মাসের মধ্যে ইস্তফার আবেদন ফিরিয়ে নেন ওই পাইলটেরা।
গত বৃহস্পতিবার ওই ৫০ জনকেই বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তাঁদের দেওয়া ইস্তফাই গ্রহণ করা হল। এবং এ-ও বলা হয়েছে যে, চিঠি পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট পাইলট আর এয়ার ইন্ডিয়ার কর্মী থাকবেন না।
এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন (আইসিপিএ)। সংস্থার তরফে জানানো হয়েছে, যে ভাবে কোনও নোটিশ ছাড়াই ওই ৫০ জন পাইলটকে বরখাস্ত করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি।
সংস্থার পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি দেওয়া হয়েছে। আইসিপিএ-র পক্ষ থেকে বলা হয়েছে, যে ভাবে এয়ার ইন্ডিয়া পাইলটদের ছাঁটাই করেছে, তা শুধুই নজিরবিহীন নয়, বিমান পরিষেবা শিল্পের জন্যও ক্ষতিকারক।