হারিকেন লরার আঘাতে যুক্তরাষ্ট্রে নিহত ১৪

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাসে হারিকেন লরার আঘাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম। খবর এএফপি।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস জানান, তার অঙ্গরাজ্যে অন্তত ১০ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে চারজন মারা গেছেন উপড়ে পড়া গাছের চাপায়। এছাড়া এক ব্যক্তি ঝড়ের কবলে নৌকাডুবিতে মারা গেছেন আরো একজন। শুক্রবার লুইজিয়ানার বহু অংশে বিদ্যুৎ ছিল না। বিদ্যুত্সংযোগহীন অবস্থায় ছিল অঙ্গরাজ্যটির ৪ লাখ ৬৪ হাজার ৮১৩ গ্রাহক।

এদিকে হারিকেন লরায় তুলনামূলক কম ক্ষতি হয়েছে টেক্সাসের। এ অঙ্গরাজ্যে নিহত চারজনের মধ্যে তিনজন মারা গেছেন জেনারেটরের কার্বন মনো অক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এবং এ তিনজনের সবাই গৃহহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তারা পোর্ট আর্থারের একটি পুল হলের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। এদিকে শুক্রবার সকালে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, পূর্ব টেক্সাসে এক ব্যক্তি মারা গেছেন। তবে তিনি সরাসরি হারিকেন লরার কারণেই মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু আরেকটি সূত্র জানায়, তিনি মূলত গাছচাপায় মারা যান।

এদিকে হাইতির নাগরিক সুরক্ষা পরিষেবা জানিয়েছে, হারিকেন লরার আঘাতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩১ জনের।

Comments (0)
Add Comment