বিশ্বের সকল দেশের মতই ইউরোপের সৌন্দর্যখ্যাত পর্তুগাল সরকারও বর্তমান করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি সম্পর্কিত বেশ কিছু ব্যবস্থা হাতে নিয়েছে। সঙ্গত কারণে পর্তুগাল হতে বিশ্বের অন্যান্য দেশে ভ্রমণ এবং পর্তুগালে আগত ভ্রমণকারীদের কিছু নির্দেশিকা মানতে হবে। জেনে নেই এই বিধি নিষেধগুলো কি কি।
এ বিধিমালা পর্তুগালের মূল ভূখণ্ড এবং দ্বীপপুঞ্জের মধ্যে তারতম্য রয়েছে। অর্থাৎ মাদেইরা এবং আজোরেসের দ্বীপের জন্য মূল ভূখণ্ডের স্বাস্থ্য বিধি নিষেধের সঙ্গে ব্যাপক পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ পর্তুগালের মূল ভূখণ্ডে রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক না হলেও মাদেইরা দ্বীপপুঞ্জে তা বাধ্যতামূলক।
যেসকল দেশের সঙ্গে পর্তুগালে আগমন এবং বহির্গমনের বিধি নিষেধ নেই সেই তালিকায় রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সকল দেশ সমূহ, সেনজেন সহযোগী দেশ সমূহ লিশটেনস্টাইন, নরওয়ে, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য। এছাড়া বিশ্বের অন্যান্য দেশ অস্ট্রেলিয়া, কানাডা, চীন, দক্ষিণ কোরিয়া, জর্জিয়া, জাপান, মরক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, থাইল্যান্ড ও তিউনিসিয়া।
উপরোক্ত দেশগুলোর ফ্লাইটগুলোতে ভ্রমণকারীকে কোভিড ১৯ টেস্ট উপস্থাপন করার প্রয়োজন হবে না যদি না গন্তব্য মাদেইরা আজোরেস দ্বীপপুঞ্জের হয়। উক্ত দেশগুলোর বাইরে পর্তুগাল এবং অন্যান্য গন্তব্যগুলোর ক্ষেত্রে কেবলমাত্র প্রয়োজনীয় ভ্রমণ অনুমোদিত। এক্ষেত্রে যাত্রীদেরকে বহির্গমনের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড ১৯ টেস্ট নেগেটিভ সার্টিফিকেট উপস্থাপন করতে হবে।
প্রয়োজনীয় ভ্রমণ বলতে পর্তুগালে ট্রানজিট, আগমন ও বহির্গমনের ক্ষেত্রে নিম্নলিখিত ভ্রমণগুলোকে বোঝানো হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং সেনজেন সহযোগী দেশসমূহের নাগরিক এবং পরিবারের সদস্য। কন্সুলার সহায়তার মাধ্যমে নাগরিকদের প্রত্যাবর্তন। তৃতীয় দেশের নাগরিকরা পেশাগত উদ্দেশ্যে, শিক্ষা, পারিবারিক মিলন, স্বাস্থ্য এবং মানবিক কারণে এবং পারস্পরিক নীতি অনুসারে ভ্রমণ করছেন তাদের বোঝানো হয়েছে।
প্রয়োজনীয় ভ্রমণের ক্ষেত্রে দেশি এবং বিদেশি নাগরিক যারা পর্তুগালে বসবাস করছেন এবং কূটনৈতিক ব্যক্তি যদি কোভিড ১৯ উপস্থাপন না করে পর্তুগালে আগমন করেন, তাদেরকে বিমানবন্দরে নিজ খরচে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে এবং অন্যান্য বিদেশি যাত্রীদেরকে পর্তুগালে প্রবেশ করতে দেয়া হবে না এবং সংশ্লিষ্ট বিমান সংস্থাকে জরিমানা করা হবে।
পর্তুগালের সকল এয়ারপোর্টে আগত সকলের জন্য শরীরের তাপমাত্রা পরীক্ষা এবং বিমানে আগত সকল যাত্রীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত একটি ফরম পূরণ করতে বলা হয় যা ভ্রমণের সময় বিমান সংস্থা প্রদান করবে।
পর্তুগালের দ্বীপ অঞ্চল মাদেইরা এবং আজোরেসে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীকে অবশ্যই কোভিড-১৯ ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে নেগেটিভ টেস্ট উপস্থাপন করতে হবে। তাছাড়া কোন কারণে দ্বীপ ছেড়ে আবার পুনরায় প্রবেশ করলে স্থানীয় এয়ারপোর্ট এবং হোটেলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাসহ পরিবর্তনশীল অবস্থা সম্পর্কে অবগত হতে হবে।
আজোরেসের স্বাস্থ্য নির্দেশিকার জন্য ভিজিট করতে পারেন https://covid19.azores.gov.pt এই ঠিকানায় এবং মাদেইরাা ভ্রমণ স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন www.visitmadeira.pt এই ঠিকানায়।
তাছাড়া দেশের অভ্যন্তরে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যেমন পাবলিক প্লেসে এবং গণপরিবহনে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। লিসবন মেট্রোপলিটন এরিয়াতে ১০ জন এবং সারা দেশের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জনের বেশি একসঙ্গে জড়ো হওয়া থেকে বিরত থাকতে হবে।
পাবলিক যানবাহন ট্যাক্সি এবং বহুল জনপ্রিয় (উবার) যাত্রী পরিবহনের ক্ষেত্রে আসন সংখ্যা অনুযায়ী সর্বোচ্চ সীমা নির্দিষ্ট করা আছে এবং যাত্রীকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
যদি গাড়ি রেন্টে কার থেকে ভাড়া নেয়া হয় সে ক্ষেত্রে একই পরিবারের হলে পুরো ধারণ ক্ষমতা অনুযায়ী আসন দখল করতে পারবে অন্যথায় ৫ আসন সংখ্যা গাড়ির ক্ষেত্রে ২/৩ জন ভ্রমণ করতে পারবে।
প্রয়োজনীয় ভ্রমণের আওতায় বাংলাদেশি প্রবাসীদের ক্ষেত্রে তৃতীয় দেশ থেকে ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ টেস্ট সার্টিফিকেট উপস্থাপনের মাধ্যমে এবং পর্তুগাল থেকে বহির্গমনের ক্ষেত্রেও একই পদ্ধতিতে ভ্রমণ করতে পারবেন।
উপরোক্ত নির্দেশিকাসমূহ গত ২৪ আগস্ট পর্যন্ত প্রবর্তিত নিয়ম অনুযায়ী উপস্থাপন করা হয়েছে। মূলত প্রতিদিন কিছু না কিছু বিধিনিষেধ পরিবর্তন হচ্ছে। তবে আশা করা যাচ্ছে পর্তুগালে ভ্রমণে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মূল বিষয়গুলো বজায় থাকবে। উল্লেখ্য, বর্তমানে ইউরোপজুড়ে মহামারী দ্বিতীয়বারের মতো আঘাত হানার পরিস্থিতি সৃষ্টি হলেও পর্তুগালে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল পর্যায়ে আছে।
-সুত্র যুগান্তর, ফরিদ আহমেদ পাটওয়ারি , পর্তুগাল