এভিয়েশন নিউজ ডেস্ক :
নতুন করে ফ্লাইট কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বিমান পরিবহন সংস্থা ইজিজেট। অনিশ্চিত চাহিদা পরিস্থিতি ও সাত গ্রিক দ্বীপের যাত্রীদের ওপর কোয়ারেন্টিন জারি করায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ এয়ারলাইনস। এর আগে ইজিজেট জানিয়েছিল, জুলাই-সেপ্টেম্বরে সংস্থাটি তার সক্ষমতার ৪০ শতাংশ ফ্লাইট পরিচালনা করবে। কিন্তু উদ্ভূত নতুন পরিস্থতিতে তা আরো কিছুটা কমানোর সিদ্ধান্ত নেয়া হলো। খবর এএফপি।
এক বিবৃতিতে প্রধান নির্বাহী জোহান লুন্ডগ্রেন বলেন, আমরা খুব সতর্কতার সঙ্গে গ্রাহক চাহিদার দিকে নজর রাখছি। আর চাহিদার সঙ্গে ফ্লাইটের সামঞ্জস্য বিধানের জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বিশেষ করে সাত গ্রিক দ্বীপে কোয়ারেন্টিন বিধিনিষেধ ও ভাইরাসের সংক্রমণ নিয়ে চলমান অনিশ্চতায় গ্রাহক চাহিদায় প্রভাব পড়বে। এ অবস্থায় আমরা আগের ঘোষিত ৪০ শতাংশ থেকে চলতি প্রান্তিকে কিছুটা কম ফ্লাইট পরিচালনা করব। সক্ষমতার ক্ষেত্রে আমরা আগের মতোই এ ধরনের দূরদর্শী ও রক্ষণশীল পথ অনুসরণ করব।
বিমান পরিবহন সংস্থাটি আরো জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে তারা ২০২০ কিংবা ২০২১ সালের জন্য কোনো অর্থনৈতিক নির্দেশনা দেবে না। কারণ নভেল করোনাভাইরাস নিয়ে বিশ্বে এখনো অনিশ্চয়তা কাটছে না। তাছাড়া এরই মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রভাব বৈশ্বিক বিমান পরিবহন খাতকে অভাবনীয় বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।
স্থানীয় সময় সোমবার ইংল্যান্ড তার নভেল করোনাভাইরাস কোয়ারেন্টিন তালিকায় গ্রিসের সাতটি দ্বীপকে অন্তর্ভুক্ত করেছে। এক্ষেত্রে তালিকা থেকে বাদ রাখা হয়েছে মূল ভূখণ্ডকে। মূলত বাইরে থেকে আসা সংক্রমণ প্রতিরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহন সচিব গ্রান্ট শ্যাপস বলেন, যারা গ্রিক দ্বীপ লেসবস, টিনোস, সেরিফোস, মাইকোনোস, ক্রিট, সান্তোরিনি কিংবা জাকিনথস থেকে আসবেন তাদেরকে দুই সপ্তাহের জন্য সেলফ আইসোলেশনে থাকতে হবে।