সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে ২২শ সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

আগামী সপ্তাহখানেকের মধ্যে ইরাক থেকে এক তৃতীয়াংশের বেশি সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের শীর্ষ এক মার্কিন কমান্ডার গতকাল এ তথ্য নিশ্চিত করেন। খবর বিবিসি।

জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানান, চলতি সেপ্টেম্বরের মধ্যেই ইরাকে মার্কিন সেনা উপস্থিতি ৫ হাজার ২০০ থেকে ৩ হাজারে নামিয়ে আনা হবে।

গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যত শিগগির সম্ভব ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করা হবে।

অনন্ত যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার ২০১৬ সালের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন সেনা উপস্থিতি কমানোর চেষ্টা করছেন ট্রাম্প।

গত জানুয়ারিতে বাগদাদে ইরানি জেনারেল কাসেম সুলেইমানিকে হত্যার পর থেকেই ইরাকে মার্কিন সেনা উপস্থিতি উত্তপ্ত ইস্যুতে রূপ নিয়েছে।

ওই হত্যাকাণ্ডের কয়েক দিনের মধ্যেই বিদেশী সেনা কার্যক্রম বন্ধে বিল পাস করে ইরাকের পার্লামেন্ট। তবে ওই বিলটি এখনো কার্যকর হয়নি।

Comments (0)
Add Comment