কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বাংলাদেশি বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
৯ সেপ্টেম্বর দুপুরে দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রবাসী সাংবাদিকরা বর্তমান পরিস্থিতিতে কুয়েতে অবস্থানরত শ্রমিকদের ও ছুটিতে থাকা প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আরটিভি ও দৈনিক নয়াদিগন্ত কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন, বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ, সময় টিভির কুয়েত প্রতিনিধি শরীফ মিজান, মাই টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, একাত্তর টিভি ও দৈনিক যুগান্তর কুয়েত প্রতিনিধি সাদেক রিপন, ডিবিসির কুয়েত প্রতিনিধি মো. হেবজু, জয়যাত্রা টিভির কুয়েত প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমী, কুয়েত পেইজ ফর বাংলাদেশির অ্যাডমিন মোহাম্মদ সাইফুল ইসলাম, আইএমএফএর সভাপতি আব্দুর রউফ মাওলা ও আজকের সূর্যোদয়ের কুয়েত প্রতিনিধি মাহমুদুর রহমান প্রমুখ।
রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, ছুটিতে আটকেপড়া প্রবাসীদের কুয়েতে ফেরা ও আকামার ব্যাপারে কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি। ইতোমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। এছাড়াও আমরা একটি ওয়েবসাইট তৈরি করব, সেখানে দেশে থাকা প্রবাসী তাদের কোম্পানির নামসহ বিস্তারিত তথ্য দিয়ে ডাটা এন্ট্রি করলে আমরা কতজন প্রবাসী দেশে আছে? কার আকামা শেষ?
বাংলাদেশ থেকে ফ্লাইটের ব্যাপারে কথা বলব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে। এছাড়াও তিনি আরও বলেন, এখানে থাকা প্রবাসীদের সমস্যা জানতে কোম্পানিগুলোর ব্যারাকে গিয়ে তথ্য সংগ্রহ করব, কার কী সমস্যা ও শ্রমিক হয়রানি ও কারও বিরুদ্ধে ভিসা বিক্রির জালিয়াতির অভিযোগ এলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে মিডিয়াকর্মীসহ সবার সহযোগিতা চাই। এখানে প্রবাসে পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য হাড়ভাঙা পরিশ্রম করি। এমন কিছু করব না যাতে দেশের সুনাম নষ্ট হয়। যে যাই করি না কেন দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি।