চেন্নাই বিমানবন্দরে চলন্ত বিমান থেকে লাফ যাত্রীর, আতঙ্কে যাত্রীরা
বিশেষ প্রতিনিধি : ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবাক করা এক ঘটনায় চলন্ত অবস্থাতেই বিমানের দরজা খুলে নিচে লাফ দিয়েছেন এক যাত্রী। এতে বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোরের দিকে অবতরণের পর বিমানটি মূল রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়েতে চলছিল। ঠিক সেই সময়ই ওই যাত্রী আকস্মিকভাবে দরজা খুলে লাফ দেন। এ ঘটনায় মুহূর্তেই বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। খবর দিয়েছে NDTV।
চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘটনাটি মূল রানওয়েতে ঘটেনি এবং বিমানটি তখন ধীরগতিতে চলছিল। এতে কোনো প্রাণহানি বা বিমানের ক্ষয়ক্ষতি হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীটি অসুস্থ বোধ করছিলেন। কর্মকর্তারা জানান, তিনি বমিভাবের অভিযোগ করেছিলেন এবং বিমানের ভেতরেই একাধিকবার বমি করেন। অসুস্থতার কারণেই তিনি এমন ঝুঁকিপূর্ণ আচরণ করেন বলে মনে করা হচ্ছে।
ঘটনার পরপরই পাইলট বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষকে সতর্ক করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীকে আটক করে এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যাত্রীর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলা-এর বাসিন্দা হতে পারেন।