যুক্তরাজ্য করোনা প্রতিরোধে নতুন দিগন্তে উপনীত

করোনাভাইরাস প্রতিরোধের টিকা অনুমোদনের মধ্য দিয়ে যুক্তরাজ্য এক নতুন দিগন্তে উপনীত হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজার/বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়ে রেকর্ড সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী বরিস জনসন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ভ্যাকসিনের মাধ্যমে সুরক্ষার ফলে আমাদের জীবনমান পূর্বাবস্থায় ফিরে আসবে এবং অর্থনীতিকে আবারও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হবে।

ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলছে, ফাইজার/বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের প্রতিরোধে ৯৫ শতাংশ সক্ষম। তাই এটি এখন ব্যবহারের জন্য নিরাপদ ঘোষণা করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষজনের ওপর টিকার প্রয়োগ শুরু হবে।

চার কোটি ভ্যাকসিন ডোজের চাহিদা দিয়েছে যুক্তরাজ্য, যা দিয়ে দুই কোটি মানুষকে টিকা দেয়া যাবে। জনপ্রতি দুইটি করে ডোজ দেয়া হবে।

খুব তাড়াতাড়ি এক কোটি টিকার ডোজ পাওয়া যাবে। বাকিগুলোও পর্যায়ক্রমে চলে আসবে।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ফাইজার ভ্যাকসিন সমুদয় পাওয়া না যাবে বা অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন না আসবে, ততক্ষণ পর্যন্ত এনএইচএস ও কেয়ার হোমের বাসিন্দারাই কেবল এটি পেতে সক্ষম হবেন। ২০২১ সালে আরও বেশি স্টক উপলভ্য হওয়ার সাথে সাথে ৫০ বছরের বেশি বয়সী প্রত্যেকের ব্যাপক টিকা, পাশাপাশি প্রাক-বিদ্যমান স্বাস্থ্য অবস্থার আলোকে অল্প বয়স্ক লোকেরা টিকা গ্রহনের সুযোগ পাবেন।

ভ্যাকসিন আসতে শুরু হলে সপ্তাহে এক মিলিয়নেরও বেশি ডোজ সরবরাহ হবে। প্রায় ৫০টি হাসপাতাল স্থায়ীভাবে টিকাদানের ব্যবস্থা রয়েছে। এছাড়া ইউকে জুড়ে সম্মেলন কেন্দ্র বা স্পোর্টস স্টেডিয়ামের মতো ভেন্যুগুলিতে ভ্যাকসিন সেন্টার স্থাপন করা হচ্ছে। কমিউনিটিতে জিপি ও ফার্মাসিস্টদের মাধ্যমে টিকা দেওয়ার সুযোগ থাকবে। এই ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হবে। তবে কারো জন্য এটা বাধ্যতামূলক হবে না।

Comments (0)
Add Comment