যৌথভাবে ওই জনমত জরিপ পরিচালনা করেছিল আমেরিকান সংবাদ মাধ্যম এবিসি ও দ্য ওয়াশিংটন পোস্ট। সোমবার প্রকাশিত ওই জরিপে দেখা যায়, নভেম্বরের নির্বাচনে শতকরা ৬০ ভাগ আমেরিকানই ট্রাম্পকে প্রার্থী হিসেবে চাইছেন না। আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে প্রার্থী হিসেবে অপছন্দকারীদের সংখ্যা হচ্ছে শতকরা ৫৩ ভাগ।
এর আগে গত ২৪ বছর আগে যুক্তরাষ্ট্রের সবচাইতে অজনপ্রিয় প্রার্থী ছিলেন সিনিয়র বুশ। ১৯৯২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিল ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে তিনি হেরে যান। তখন ৫৩ ভাগ মার্কিন জনগণই তাকে প্রার্থী হিসেবে পছন্দ করেনি।
সোমবারের ওই জরিপ ফলাফলে আরো দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের ৫৮ ভাগই মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার মত যোগ্যতা নেই। আর ৬৪ ভাগ বলছেন, তার ট্যাক্স রিটার্ন অবমুক্ত করা প্রয়োজন। ট্রাম্প তার বিরোধীতাকারীদের যথেষ্ট সম্মান করছেন না বলে ধারণা করছেন ৭৬ ভাগ ভোটার।
তারপরও যুক্তরাষ্ট্রের নির্বাচনে সবচাইতে অজনপ্রিয় প্রার্থী হতে পারেননি ট্রাম্প। এই রেকর্ডের অধিকারী হচ্ছেন যুক্তরাষ্ট্রের বিলুপ্তপ্রাপ্ত কু ক্লুক্স ক্লান দলের নেতা ডেভিড ডিউক। তার অপছন্দের হার ছিল শতকরা ৬৯ ভাগ। ট্রাম্পের তুলনায় তিনি এখনও ৯ ভাগ এগিয়ে রয়েছেন।