সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে বঙ্গোপসাগরে ২৮ ভারতীয় জেলে ও দুটি ফিশিং ট্রলার আটক

শুক্রবার (২৯ জানুয়ারি) কোষ্টগার্ড পশ্চিম জোন সমুদ্রসীমা লঙ্ঘন করে বঙ্গোপসাগরে মাছ শিকারের অভিযোগে ২৮ জন ভারতীয় জেলেকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ এফ বি শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা নামে দুটি ফিশিং ট্রলারও আটক করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) দুপুরে তাদেরকে আটক করে সন্ধ্যায় মোংলার ফেরিঘাটে নিয়ে আসে। মোংলা উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা এ জেড তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বলে জানা গেছে।

কোস্টগার্ডের গোয়েন্দা শাখা জানায়, সমুদ্রসীমা লঙ্ঘন করে শুক্রবার দুপুরে মাছ শিকার করছিলেন ভারতের জেলেরা। সাগরে টহলরত বাংলাদেশি কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে। এদিন তাদের সন্ধ্যা নাগাদ মোংলা ফেরি ঘাটে আনা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানায় কোস্টগার্ড সদস্যরা।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃতদের সমুদ্রসীমা লঙ্ঘনের অপরাধে ১৯৮৩ সালের সমুদ্রসীমা আইনের ২২ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে।

Comments (0)
Add Comment