মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাই-আবুধাবির ফ্লাইটে বাড়ছে বিলম্ব

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ছাইয়ের কারণে সংযুক্ত আরব আমিরাতের (UAE) বিমান চলাচলে দেখা দিয়েছে দফায় দফায় বিলম্ব ও সূচি পরিবর্তন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ছাইয়ের কারণে সংযুক্ত আরব আমিরাতের (UAE) বিমান চলাচলে দেখা দিয়েছে দফায় দফায় বিলম্ব ও সূচি পরিবর্তন। এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া ও ফ্লাইদুবাই অধিকাংশ ফ্লাইট চালু রাখলেও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রুটে সময়সূচি পরিবর্তন, ফ্লাইট বাতিল ও পুনর্নির্ধারণ করছে।

আগস্টের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার প্রভাবে উপসাগরীয় আকাশসীমায় বিমান চলাচলে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে, আবার কয়েকটি পরিষেবা নিরাপত্তা ও পরিচালনাগত কারণে সাময়িকভাবে স্থগিতও করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (EASA) উপসাগরীয় অঞ্চলের সংঘাতপূর্ণ আকাশসীমা নিয়ে তাদের সতর্কতা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। ফলে চলতি মাসজুড়েই রুট পরিবর্তন ও সময়সূচিতে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় আগ্নেয়গিরির ছাইয়ের প্রভাবেও UAE-এর ফ্লাইট সূচিতে পরিবর্তন এসেছে। এমিরেটসের দুবাই-জাকার্তা রুটে ৬ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্রাকাতাও অঞ্চলের আগ্নেয়গিরির ছাইয়ের কারণে জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় এসব পরিবর্তন করতে হয়।

এমিরেটসের কয়েকটি উপসাগরীয় রুটেও পরিবর্তন এসেছে। দুবাই-কুয়েত পরিষেবা স্থগিত রয়েছে এবং বাহরাইন রুটে সীমিত সূচিতে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিয়মিত যাচাই এবং বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নোটিফিকেশন দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

ইতিহাদ এয়ারওয়েজও জাকার্তা রুটে সমস্যার মুখে পড়েছে। আবুধাবি-জাকার্তা রুটের কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং কিছু ফ্লাইট বাতিল বা পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটেও বিলম্বের খবর পাওয়া গেছে।

কম খরচের বিমান সংস্থা ফ্লাইদুবাই ও এয়ার অ্যারাবিয়াও পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত নয়। কুয়েত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে তাদের কিছু ফ্লাইটে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে। তবে উভয় এয়ারলাইনই অধিকাংশ পরিষেবা চালু রেখে প্রয়োজন অনুযায়ী সময় ও ফ্রিকোয়েন্সি সমন্বয় করছে।

বর্তমান পরিস্থিতিতে UAE থেকে যাতায়াতকারী যাত্রীদের ফ্লাইটের সময়সূচি বারবার যাচাই, বিমানবন্দরে অতিরিক্ত সময় হাতে নিয়ে পৌঁছানো এবং এয়ারলাইন্সের অ্যাপ বা অনলাইন সেবার মাধ্যমে সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আকাশসীমার পরিস্থিতি ও ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির ছাইয়ের প্রভাব পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শেষ মুহূর্তে পরিবর্তনের আশঙ্কা থাকছেই।

Comments (0)
Add Comment