কোনো কারণ ছাড়াই কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ।
রোববার (১৪ ফেব্রুয়ারি) কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট বার্তায় বলেন, ‘কোনো কারণ ছাড়াই আমাদের ঘরে আটকে রাখা হয়েছে। এটা খুবই ঘৃণ্য কাজ, ভারতীয় কর্তৃপক্ষ আমার বাবাকে (বর্তমান পার্লামেন্ট মেম্বার) ঘর থেকে বের হতে দিচ্ছে না। তারা আমার বোন এবং বাচ্চাদেরও ঘরে আটকে রেখেছে।’
ওমর আবদুল্লাহ ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। গুপকারে নিজের বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা একটি বুলেটপ্রুফ পুলিশ ট্রাকের ছবি শেয়ার করেন তিনি। ওই এলাকায় আঞ্চলিক রাজনৈতিক ক্ষমতাবানদের বসবাস।
ওমর আবদুল্লাহর বাবা ফারুক আবদুল্লাহ তিনদফা কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮২ থেকে ১৯৮৪ প্রথম দফায়, ১৯৮৬ থেকে ১৯৯০ দ্বিতীয় মেয়াদে এবং ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
তবে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার দ্বিতীয় বছরপূর্তি। ২০১৯ সালের এদিনে দক্ষিণ কাশ্মীরের মহাসড়কে বোমা হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হয়। দিবসটি উপলক্ষে নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। ভিআইপিদের চলাচল না করতে অনুরোধ জানানো হয়েছে।