আফগানিস্তানে থাকা নিউজিল্যান্ডের সেনাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা

আগামী মে মাসের মধ্যে আফগানিস্তানে থাকা বাকি সেনাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। গেল ২০ বছর ধরে সেখানে সেনা মোতায়েন করে রেখেছে দেশটি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এক বিবৃতিতে বলেন, সংকটে জর্জরিত দেশটির অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়া, রাজনৈতিক সমাধানের ভালো সুযোগ তৈরি করেছে। এ মুহূর্তে নিউজিল্যান্ডের ডিফেন্স ফোর্সের (এনজেডডিএফ) সেখানে থাকার প্রয়োজনীয়তা নেই।

তিনি বলেন, ২০ বছর আফগানিস্তানে এনজেডএফ’র উপস্থিতির পর এখনই সময় সেখান থেকে ফিরে আসার। আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখা আমাদের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে হামলা চালায়। সেই থেকে সাড়ে তিন হাজারের বেশি প্রতিরক্ষা এবং অন্যান্য সংস্থার সদস্য মোতায়েন রেখেছিল নিউজিল্যান্ড।

বর্তমানে আফগানিস্তানে নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর ছয় সদস্য মোতায়েন রয়েছে। তিনজন আফগানিস্তান ন্যাশনাল আর্মি আফিসার অ্যাকাডেমিতে বাকি তিনজন ন্যাটোর সাপোর্ট মিশনের হেড কোয়ার্টার্সে।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে নিউজিল্যান্ডের সেনা মোতায়েনও বিতর্কের উর্ধ্বে ছিল না।

গেল বছর নিউজিল্যান্ডের তদন্তকারীরা জানান, আফগানিস্তানে মোতায়েন সেনারা ২০১০ সালে একটি ভয়াবহ অপারেশন অংশ নেয়। সে অপারেশনে হতাহতের সংখ্যা নিয়ে নিউজিল্যান্ডের সরকার এবং জনগণকে অব্যাহতভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে দেশটির সেনারা।

২০১০ সালের ২১ এবং ২২ আগস্ট আফগানিস্তানের তিরগিরানে মিত্রবাহিনীকে সঙ্গে নিয়ে অপারেশন বার্নহাম পরিচলানা করে নিউজিল্যান্ডের সেনারা। ওই অপারেশন নিয়ে একটি বই প্রকাশের পর ২০১৮ সালে তদন্ত হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই অপারেশনে বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।

Comments (0)
Add Comment