পাকিস্তানে জরুরি অবতরণ করেছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
আরব আমিরাতের শারজাহ শহর থেকে ভারতের লক্ষ্ণৌর উদ্দেশে বিমানটি যাত্রা শুরু করেছিল।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের বরাতে জানা যায়, আজ মঙ্গলবার পাকিস্তানের করাচি শহরে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি চিকিৎসাসেবা দেয়ার প্রয়োজন হয়ে পড়ে।
সে কারণেই বিমানটি করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ওই বিমান সংস্থার এক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, বিমানটি করাচিতে পৌঁছানোর পর বিমানবন্দরের একটি মেডিক্যাল টিম ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেছে।
মৃত ওই যাত্রীর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ইন্ডিগো এয়ারলাইন্স।