পাকিস্তানের সংসদে আয়োজিত আস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরানের পাওয়া জয় মূল্যহীন বলে মন্তব্য করেছেন দেশটির অন্যতম বিরোধীদল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেত্রী মরিয়ম নওয়াজ।
ইমরান আইনপ্রণেতাদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে নিজের পক্ষে ভোট নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি, খবর জি নিউজের।
শনিবার খবরে বলা হয়েছে, সংসদে ভোট শেষ হওয়ার পরপরই সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মরিয়ম নওয়াজ।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সংসদ ভবনকে বাঙ্কারে পরিণত করেছে।
যে ভোটে আপনি বলবেন যে আমাকে ভোট না দিলে আমি তোমাকে দেখে নেব, সেই ভোটের কি কোনো মূল্য থাকে?
পাকিস্তানি পত্রিকা ডন জানিয়েছে, পাকিস্তাজন ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) নেতা মাওলানা ফজলুর রহমান বলেছেন, দেশের সব বিরোধীদল এই আস্থা ভোটের ফলাফল বর্জন করেছে।
আর সংবিধানেও অন্যকিছু বলা আছে।
এই অধিবেশন ও ভোট স্রেফ একটি নাটক।
তিনি আরও বলেন, এটা কোনো আস্থা ভোট ছিল না।
গোয়েন্দা সংস্থার লোকজন আগের রাতে সংসদ সদস্যদের ওপর নজর রেখেছে।
আম্রা জানি কারা আগের রাতে সবার দরজায় কড়া নেড়ে ভোটে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে।