জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে ক্ষেপেছেন ইমরান

চলতি মাসের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ, ভারত, চীনসহ অন্তত ৪০টি দেশ।
ইতোমধ্যে এসব দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনা এগিয়ে নিতে এ সপ্তাহে আবুধাবি, নয়া দিল্লি ও ঢাকা সফরে আসছেন তার বিশেষ দূত জন কেরি।
তবে এসব কর্মসূচির কোথাও নাম আসেনি পাকিস্তানের।
এ নিয়ে বেজায় ক্ষেপেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না জানানোয় শনিবার একাধিক টুইটে নিজের ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।
গুরুত্বপূর্ণ একটি সম্মেলনে এভাবে উপেক্ষিত হওয়ায় বিস্মিত বলে জানিয়েছেন তিনি।

ইমরান খান বলেন, আমি বিস্মিত যে, পাকিস্তানকে এধরনের জলবায়ু পরিবর্তন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।
আমার সরকারের পরিবেশ নীতিগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিষ্কার ও সবুজ পাকিস্তান দিতে আমাদের প্রতিশ্রুতির মাধ্যমে পরিচালিত হয়।

Comments (0)
Add Comment