মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় রাশিয়ার সঙ্গে কাজ করায় যে ৩২টি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞা দিয়েছেন, তার মধ্যে ১০টিই পাকিস্তানের করাচি ও লাহোরভিত্তিক।
মার্কিন সরকারি বিবৃতির বরাতে ডন অনলাইন এমন খবর দিয়েছে।
বৃহস্পতিবার ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার ও তিন ডজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন বাইডেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোতে সাইবার হামলার দায়ে এই সাজা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শনাক্ত করে শুক্রবার একটি বিবৃতিতে দিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ।
এতে কয়েকজন পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে। যাদের মধ্যে লাহোরের আহমেদ বা শাহজাদও রয়েছেন, জন্ম ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর। তার জাতীয় পরিচয়পত্র নম্বর দেখানো হয়েছে #৩৪২০২০৪৬৮৮১৭৯। তালিকায় বেশ কয়েকটি ইমেইলও উল্লেখ করা হয়েছে।