ভারতে ভ্রমণ করতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকারের বিশেষ ঈদ ভিসা ক্যাম্প প্রক্রিয়ায় যুক্ত হয়েছে দেশটির প্রথমসারির এয়ারলাইন্স জেট এয়ারওয়েজ। গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্সে ভিসা ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ৪ জুন শুরু হওয়া ভিসা ক্যাম্প আগামী ১৬ জুন পর্যন্ত আজ শুক্রবার ছাড়া চলবে। ভিসা আবেদনকারীরা অগ্রিম সাক্ষাতের তারিখ বা ই-টোকেন ছাড়াই ট্যুরিস্ট ভিসার আবেদন সরাসরি ভিসা ক্যাম্পে জমা দিতে পারবেন।
ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও জেট এয়ারওয়েজের সহযোগিতায় আয়োজিত ভিসা ক্যাম্পে হাজার হাজার ভিসা প্রার্থী জড়ো হচ্ছেন। প্রথমদিন আবেদনকারীদের মধ্য থেকে তিনজনকে লটারির মাধ্যমে জেট এয়ারওয়েজের সৌজন্যে কলকাতা, মুম্বাই ও দিল্লীর ফিরতি যুগল টিকিট দেয়া হয়। জেট এয়ারওয়েজ ক্যাম্পে আগত আবেদনকারীদের সাশ্রয়ী মূল্যে টিকিট বিক্রির ব্যবস্থা করেছে। জেট এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার রাজকুমার ভট্টাচার্য বলেন, যাত্রীদের বিশ্বমানের সেবা দিতে তার প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ।