পাকিস্তানে করোনাভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড

প্রতিবেশী দেশ ভারতের মতো পাকিস্তানেও বাড়ছে করোনার আগ্রাসন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর করোনায় একদিনে সর্বাধিক মানুষের মৃত্যু হয়েছে গতকাল শনিবার।

পাকিস্তানের প্রভাবশালী জাতীয় দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট প্রাণহানি গিয়ে ঠেকেছে ১৬ হাজার ৯৯৯ জনে।
একই সঙ্গে দেশটিতে করোনায় শনাক্ত মানুষের সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে সর্বাধিক ৯৮ জন মানুষের মৃত্যু হয়েছে পাঞ্জাবে।
এরপর খাইবার পাখতুনখাওয়ায় ৩৭, সিন্ধ প্রদেশে ১১, বেলুচিস্তানে ৩, ইসলামাবাদে ৫ ও আজাদ কাশ্মীরে ৩ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ২০ জুন পাকিস্তানে করোনায় ১৫৩ জনের মৃত্যু ছিল দেশটিতে মহামারি শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এর পরদিন ২১ জুন দেশটিতে মারা যান ১৪৮ জন।
এরপর পাকিস্তানে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুদিন আগ পর্যন্ত ১১৮ জনের কম ছিল।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫২ হাজার ৪০২টি নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৯০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৯০ হাজার ১৬ জন হয়েছে।
এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৬ হাজার ৪৮৮ জন।

Comments (0)
Add Comment