করোনাভাইরাসের ভারতীয় ধরন রোধে ভারতের সাথে বাংলাদেশের স্থলপথে পাসপোর্ট ধারী যাত্রী যাতায়াত ১৪ দিন বন্ধ ঘোষণা করলেও আটকেপড়া যাত্রীরা দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন।
গত সোমবার সন্ধ্যা থেকে বুধবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভারতে আটকে পড়া ৪৩৯ বাংলাদেশি বেনাপোল স্থলপথে দেশে ফিরেছেন। বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন ৬৭ যাত্রী। তবে আগত বাংলাদেশিদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
বাংলাদেশের স্থলপথে ফেরত আসা যাত্রীরা বেনাপোল পৌর এলাকায় সাতটি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত তিনজন। এরা ভারতে গিয়ে করোনা পজিটিভ হন। তবে নতুন করে এ পথে কোনো পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশে ঢোকেনি।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, বাংলাদেশি উপ-হাইকমিশনারের ছাড়পত্র থাকায় আটকে পড়া যাত্রীদের ৪৩৯ জন ভারত থেকে ফিরেছেন। ভারতীয় নাগরিক ফিরেছেন ৬৭ জন। তবে নিষেধাজ্ঞার পর থেকে বাংলাদেশি কোনো পাসপোর্টধারী যাত্রী নতুন করে ভারতে যায়নি এবং ভারত থেকেও ভারতীয় নাগরিক বাংলাদেশে আসেনি।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান বলেন, ভারতফেরত বাংলাদেশিরা বেনাপোল বন্দর এলাকার সাতটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। সেখানে সব খরচ যাত্রীদের বহন করতে হবে। এছাড়া ফেরত আসা তিন বাংলাদেশি করোনা পজিটিভ যাত্রীকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে।