করোনায় আইপিএলকে সমর্থন দেওয়া প্যাট কামিন্সের পল্টি

ভারত যখন করোনায় মৃত্যুপুরী, তখন দিল্লি, চেন্নাইয়ে চলছিল আইপিএল উৎসব।

টাকার অভাবে যেখানে অক্সিজেনের সিলিন্ডার না কিনতে পেরে লাশ পড়ছিল, সেখানে চিপকে, মোতেরা, দিল্লির মাঠে উড়ছিল কাঁড়ি কাঁড়ি টাকা।

বিষয়টিকে মানবিকতার চরম স্খলন আখ্যা দিয়ে অনেকেই আইপিএল বন্ধের দাবি জানান।

কিন্তু সে সময় আইপিএল চালিয়ে নেওয়ার পক্ষে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্স।

অবশেষে করোনার হানায় আইপিএল স্থগিত হলোই। এবার প্রশ্ন উঠেছে, যে দেশে করোনার হানায় আইপিএল মাঝপথে স্থগিত হয়ে গেছে, সেখানে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব?

এমন প্রশ্নের জবাবে এবার পল্টি খেলেন কামিন্স। ভারতের পক্ষে সাফাই গাইলেন না তিনি। জানালেন, পরিস্থিতির উন্নতি না ঘটলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করা উচিত নয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে অস্ট্রেলিয়ার একটি দৈনিককে প্যাট কামিন্স বলেছেন, ‘হাতে এখনো ছয় মাস সময় আছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে সেটা এখনই বলে দেওয়া ঠিক হবে না। তবে আমি মনে করি, আগামী ৬ মাসের মধ্যে ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এখানে প্রতিযোগিতা আয়োজন না করাই ভালো।’

মালদ্বীপে বসে অস্ট্রেলিয়ার দৈনিককে কামিন্স বলেন, ‘যতদূর জানি আইসিসি নিশ্চয়ই ভারত সরকার ও বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি আইসিসির পর্যবেক্ষণে রয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো, ভারতের সাধারণ মানুষের জন্য যেটা ভালো সেটাই করা হোক।’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, নিউজ এইটিন

Comments (0)
Add Comment