পুত্র সন্তানের মা হলেন ক্লিনটন কন্যা চেলসি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দম্পতির একমাত্র সন্তান চেলসি ক্লিনটন দ্বিতীয় সন্তানের মা হয়েছেন।

বিবিসি জানিয়েছে, শনিবার চেলসি ও তার স্বামী মার্ক মেজভিনস্কি নিজেদের দ্বিতীয় সন্তান জন্মের ঘোষণা দেন।

এক ট্যুইটে চেলসি বলেন, “আমাদের পুত্র আইদান ক্লিনটন মেজভিনস্কির জন্মগ্রহণে মার্ক ও আমি কৃতজ্ঞতা ও ভালবাসায় উদ্বেলিত।”

এর আগে ২০১৪ সালে এই দম্পতি শার্লট ক্লিনটন মেজভিনস্কি নামের এক কন্যা সন্তানের জনক-জননী হন।

স্বামী মার্ক মেজভিনস্কির সঙ্গে চেলসি ক্লিনটন, ৬ মে, ২০১৩। রয়টার্স

ফের নানি হয়ে হিলারি নিজের ট্যুইটার একাউন্টে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “স্ত্রী, মা, নানি।”

চেলসি তার মা হিলারির রাজনৈতিক কর্মসূচীতে প্রায়ই উপস্থিত থাকেন। সর্বশেষ ৭ জুন নিউ ইয়র্কের ব্রুকলিনে হিলারির জনসভায় মার পাশে উপস্থিত ছিলেন তিনি।

হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি আরেক নতুন নাতিকে স্বাগত জানিয়েছেন। মার্চে তার কন্যা ইভানকা তৃতীয় সন্তানের জননী হয়েছেন।

Comments (0)
Add Comment