টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবাষির্কী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, ‘বিশ্বের সকল দেশ যখন করোনা টিকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছে, তখনো আমাদের করোনা টিকার পূর্ণ নিশ্চয়তা মেলেনি।
মাস্ক পরে আর সাবান দিয়ে হাত ধুয়ে করোনা মোকাবিলা করা সম্ভব হবে না। করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই অবস্থা আরও খারাপ হতে পারে।
সময়মতো মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থ হওয়ায় করোনা পরিস্থিতি এতটা খারাপ হয়েছে।’