ভারতের কাছে ক্ষমা চাইল নেপাল এয়ারলাইন্স

অবশেষে মানচিত্র বিতর্কে ক্ষমা চাইল নেপাল এয়ারলাইন্স। বুধবার বিমান সংস্থাটির একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখ—ভারতের দুই কেন্দ্রশাসিত অঞ্চল—কে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা ওঠে। অনেক নেটিজেন নেপাল এয়ারলাইন্সকে বয়কটের ডাক দেন।

ভারতের বিদেশ মন্ত্রক ও বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে ট্যাগ করে সরকারিভাবে প্রতিবাদ জানানোরও আহ্বান জানান তারা।

এর পরই বিষয়টি ‘মানচিত্রগত ত্রুটি’ বলে দাবি করে ওই পোস্ট মুছে ফেলে বিমান সংস্থাটি। এক্স হ্যান্ডেলে নেপাল এয়ারলাইন্স লিখেছে, “ওই ভুল মানচিত্রের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

সেখানে আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত একাধিক ত্রুটি ছিল, যা নেপাল বা নেপাল এয়ারলাইন্সের সরকারি অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

ওই পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষপাতী।”

এই ঘটনায় ভারতের কূটনৈতিক মহলেও অসন্তোষ তৈরি হয়েছিল। তবে নেপাল এয়ারলাইন্সের তরফে দ্রুত ক্ষমা চাওয়ায় বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

Comments (0)
Add Comment