যুক্তরাষ্ট্র ও কানাডায় বৈদ্যুতিক গাড়ির জন্য বর্তমানের চেয়ে দ্বিগুণের বেশি চার্জিং স্টেশন স্থাপন করবে ইলেকট্রিফাই আমেরিকা। নিঃসরণ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার দায়ে জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সওয়াগনের অর্থে প্রতিষ্ঠিত বৈদ্যুতিক গাড়ি চার্জিং নেটওয়ার্ক ইলেকট্রিফাই আমেরিকা সম্প্রতি এ উদ্যোগ নিয়েছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেস।
প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫ সালের মধ্যে তারা তাদের নেটওয়ার্কে ১ হাজার ৮০০ ফাস্ট চার্জিং স্টেশন এবং ১০ হাজার একক চার্জার যুক্ত করবে। আগামী ১০ বছরে বৈদ্যুতিক গাড়ির অবকাঠামো খাতে ২০০ কোটি ডলার বিনিয়োগ প্রতিশ্রুতির আওতায় এসব চার্জিং স্টেশন স্থাপন করা হবে বলে জানায় ইলেকট্রিফাই আমেরিকা।
মার্কিন জ্বালানি বিভাগের প্রকাশিত তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ৪২ হাজারের মতো পাবলিক চার্জিং স্টেশন রয়েছে। তবে এসব স্টেশনের মধ্যে মাত্র পাঁচ হাজার চার্জিং স্টেশন দ্রুতগতিতে চার্জ সরবরাহ করতে সক্ষম। বাকি স্টেশনগুলোতে একটি দীর্ঘ শক্তির ব্যাটারি পূর্ণ চার্জ করতে আনুমানিক ৮ ঘণ্টার মতো সময় ব্যয় করতে হয়। দ্রুতগতির চার্জিং স্টেশন স্থাপন করা বর্তমান বাইডেন প্রশাসনের জন্য একটি প্রতিশ্রুতির অংশ। এ কারণে মার্কিন প্রশাসন প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনকে আরো বেশি চার্জিং স্টেশন স্থাপনে আরো বেশি প্রণোদনা প্রদান করছে। ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে পাঁচ লাখ বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।