বাংলাদেশে ৫০ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উপহার হিসেবে পাঠানোর অগ্রগতির বিষয়ে বৈঠক করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন, সিটিজেনশিপ, মাইগ্রেশন সার্ভিস ও মাল্টিকালচারাল বিষয়ক মন্ত্রী এলেক্স হকের সঙ্গে একটি অনলাইন আলোচনা সভা করেছেন তারা। রোববার অস্ট্রেলিয়া প্রবাসী
বাংলাদেশিদের সঙ্গে ইমিগ্রেশন মন্ত্রীর এ জুম মিটিংয়ে আরও অংশ নেন দেশটির সাবেক ইমিগ্রেশন মন্ত্রী ও নিউ সাউথ ওয়েলস ক্ষমতাসীন লিবারেল পার্টির সভাপতি ফিলিপ রাডোক এবং সংসদ সদস্য উইন্ডি লিন্ডসে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের ভ্যাকসিন বিষয়ক আলোচনা চলছে।
ডা. শহীদুল্লাহ বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি তুলে ধরেন এবং বাংলাদেশে দ্রুত ভ্যাকসিনের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন।
তিনি জানান, এখনও বাংলাদেশে ৩০ কোটি ভ্যাকসিন দরকার।
বাংলাদেশে ৫০ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উপহার হিসেবে পাঠানোর জন্য অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প্রবাসীদের একটি আবেদনের অনুমোদন দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে এখন ই-পিটিশনে চলছে সই সংগ্রহ। অস্ট্রেলিয়ান যে কোনো নাগরিক এই পিটিশনে সই করতে পারবেন। আগামী ১২ আগস্টের আগে কমপক্ষে ১০ হাজার সই সংগৃহীত হলে পার্লামেন্ট সেটা স্পিকারের মাধ্যমে সংসদে উত্থাপন করবে।
অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো মাষ্টারশেফের আলোচিত ও প্রশংসিত মুখ বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কিশোয়ার চৌধুরী ইতোমধ্যে এই ই-পিটিশনে সই করেছেন। তিনি বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কমিউনিটিকে এতে সইয়ের জন্যে অনুরোধ করেছেন যেন উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বাংলাদেশের জন্য পাঠানো হয়।