রপ্তানিতে ফের রেকর্ড

সেপ্টেম্বরে রপ্তানি আয়ে রেকর্ড হয়েছিল।
সেই মাসে সর্বোচ্চ ৪১৭ কোটি ডলার বা ৩৫ হাজার ৪৪৫ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল।
তবে সদ্য সমাপ্ত অক্টোবর ছাড়িয়েছে সেপ্টেম্বরকেও।

গত মাসে ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার বা ৪০ হাজার ৫০০ কোটি টাকারও বেশি পণ্য রপ্তানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ দশমিক ৪৭ শতাংশ বেশি।
আর গত বছরের একই সময়ের চেয়ে ৬০ দশমিক ৩৭ শতাংশ বেশি।

মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ৫৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৬২ শতাংশ বেশি।
আর লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ৩৩ শতাংশ বেশি।

Comments (0)
Add Comment