জলবায়ুসংক্রান্ত লক্ষ্য পূরণের অংশ হিসেবে ২০৩০ সাল নাগাদ অভ্যন্তরীণ রুটে পরিবেশবান্ধব ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক।
উড়োজাহাজ খাতকে পরিবেশবান্ধব করতে বৈশ্বিক চাপের মুখে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।
নতুন বছরের বক্তব্যে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেন, ২০২৫ সালের মধ্যে নরডিক দেশটি প্রথম পরিবেশবান্ধব ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়েছে। ২০৩০ সাল নাগাদ দেশটি জীবাশ্ম জ্বালানিনির্ভর অভ্যন্তরীণ ফ্লাইট ব্যবস্থা থেকে সরে আসবে বলেও জানান তিনি।
মেট বলেন, বেঁচে থাকার জন্য ভ্রমণ এবং এ কারণেই আমরা উড়ে যাই।
কিন্তু একই সঙ্গে এটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর।
ভাবুন, ডেনমার্ক যদি এ সমস্যা সমাধানে সাহায্য করে তাহলে আমাদের উড়োজাহাজ ভ্রমণকে পরিবেশবান্ধব করতে হবে।
এটি বেশ কয়েকটি পদক্ষেপের একটি অংশ, যা ডেনমার্ককে সবচেয়ে উচ্চাভিলাষী জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
একটি সবুজ ও টেকসই বিশ্ব গঠনে ডেনমার্কের গৃহীত বৈশ্বিক জলবায়ু কর্মকৌশল অনুসারে, ১৯৯০ সালে কার্বন নিঃসরণের যে হার ছিল তার তুলনায় ২০৩০ সাল নাগাদ নিঃসরণ ৭০ শতাংশ কমিয়ে আনতে কাজ করছে ডেনমার্কের প্রশাসন। টেলিভিশনে দেয়া এক ভাষণে ফ্রেডেরিকসন বলেন, ২০২৫ সালের মধ্যে অভ্যন্তরীণ রুটে পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর ব্যবস্থা প্রণয়নে দেশটির সরকার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে।
পাশাপাশি ২০৩০ সাল নাগাদ ডেনমার্কের সামগ্রিক অভ্যন্তরীণ উড্ডয়ন হবে পরিবেশবান্ধব জ্বালানিচালিত।
লক্ষ্যমাত্রা অর্জনে অসুবিধার কথাও স্বীকার করেছেন তিনি।
তবে এটি বাস্তবায়নে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।