কুয়ালালামপুরে গ্রাউন্ডেড বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭

ঢাকা থেকে যাত্রী নিয়ে কুয়ালালামপুরে পৌঁছার পর গত সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজের উইন্ডশিল্ডে ফাটল শনাক্ত হয়।
যার কারণে ফিরতি ফ্লাইটটি বাতিলও করতে হয়।
উইন্ডশিল্ড পরিবর্তন করে বাহনটি দেশে ফিরিয়ে আনতে গতকাল মালয়েশিয়ায় উড়ে গেছেন বিমানের প্রকৌশলী।
কেবল উইন্ডশিল্ডে ফাটল নয়, প্রায়ই বোয়িং-৭৩৭ মডেলের এ বাহনটিতে বিভিন্ন ধরনের সমস্যা শনাক্ত হয়।
জানা গেছে, এটি বাংলাদেশের নিজস্ব বাহন নয়, ১০ বছরের জন্য উড়োজাহাজটিকে ভাড়ায় আনা হয়েছিল।
কিন্তু চুক্তির মেয়াদ শেষে সমস্যাসংকুল এ বিমানটিকে ফিরিয়ে না দিয়ে উল্টো কেনার পরিকল্পনা চলছে।
তবে বিমানের একটি সূত্র বলছে, করোনাকালে কার্গো পরিবহনের কারণে বাহনটির অভ্যন্তরে বেশকিছু ক্ষতি হয়েছে। তাই এটি আর ফিরিয়ে নিতে চায় না মালিক প্রতিষ্ঠান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট অপারেশন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৮৬ ফ্লাইটটি। যেটিতে ছিলেন ১২৬ জন যাত্রী, দুই বৈমানিক ও চারজন কেবিন ক্রু। বোয়িং-৭৩৭ মডেলের এ উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর হলো এস২-এএফএম।
পরদিন অর্থাৎ গতকাল ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান বৈমানিক ক্যাপ্টেন শাখাওয়াত হোসেইন।
বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানালে মেরামতের জন্য কুয়ালালামপুর বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয় উড়োজাহাজটি।

কুয়ালালামপুর থেকে ফিরতি ফ্লাইটটির ১৪৬ জন যাত্রী নিয়ে গতকাল দেশে রওনা দেয়ার কথা ছিল।
কিন্তু উইন্ডশিল্ডে ফা’টলের কারণে উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হলে বাতিল হয় বিজি ০৮৭ ফ্লাইটের যাত্রা।
পরে গতকাল ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ কুয়ালালামপুরে পাঠানো হয়।
যেটি কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে থাকা বিজি ০৮৭ ফ্লাইটের যাত্রীদের গত রাতে ঢাকায় নিয়ে আসে।

Comments (0)
Add Comment