সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে এখন দুর্নীতির এক মহোৎসব চলছে। ’
এক মন্ত্রী ও এক উপদেষ্টার ফোনালাপের প্রসঙ্গে টেনে মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।
তিনি বলেন, ‘দেশে এখন দুর্নীতির এক মহোৎসব চলছে।
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেই চলমান এই লুটপাট আর দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে।
মন্ত্রী-এমপি ক্ষমতাসীন দলের মেয়র-চেয়ারম্যান থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নেই যে, দুর্নীতির সুযোগ নিচ্ছে না।
রাষ্ট্রীয় বাহিনীগুলোর কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোটা প্রশাসনকে অংশীদার করা হয়েছে দুর্নীতির এই চক্রে।
শুধু তাই নয়, সংবিধান ও রাষ্ট্রের অভিভাবক খোদ বিচার বিভাগকেও এখন দুর্নীতির সঙ্গে জড়িয়ে ফেলার অভিযোগ উঠতে শুরু করেছে। দুর্নীতিতে যুক্ত হয়ে সরকারি দলের লোকেরা এখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে।