বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ইতালি বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।
দেশটির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা।
বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময়ে ইতালির রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে আরচারিসহ বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়ার উন্নয়নের ভূয়সি প্রশংসা করেন।
তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ইতালি সহযোগিতা করতে চায় বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
ইতালির রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্ব ফুটবলে ইতালি একটি শক্তিশালী দল।
তাই বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে বন্ধু প্রতীম বাংলাদেশের সাথে অভিজ্ঞতা বিনিময়সহ প্রশিক্ষনখাতে ইতালি সহযোগিতা করতে চায়।
তাছাড়া দু-দেশের খেলায়াড়, কোচ কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক সাক্ষর করা যেতে পারে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী ইতালির রাষ্ট্রদূতের প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সরকার ফুটবলসহ দেশে সকল খেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক অপারাজিত শক্তি।
সাম্প্রতিকসময়ে আমরা ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় করেছি।
ফুটবল, আরচারি, শুটিং ও অন্যান্য খেলাতেও সাফল্য আসছে। ফুটবলসহ দেশের ক্রীড়ার উন্নয়নে বন্ধু রাষ্ট্র ইতালির সহযোগিতার প্রস্তাবকে সাধুবাদ জানাই এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চাই।’
ক্রীড়া প্রতিমন্ত্রী ইতালি সরকারকে বাংলাদেশের বিকেএসপির মেধাবী ছাত্রদের ও অন্যান্য তরুণ উদীয়মান খেলোয়াড়দের ইতালিতে স্কলারশিপ প্রদানের অনুরোধ জানান।
দেশের প্রতিভাবান খেলোয়াড়দের ইতালিতে নিয়ে গিয়ে উন্নত প্রশিক্ষণ গ্রহনের সুযোগ প্রদানের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলায় ইতালির কোচ দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ প্রদানের সুযোগ করে দিতে দেশটির সরকারকে অনুরোধ জানান।