আজ থেকে কোটি মানুষ কম দামে টিসিবির পণ্য পাবে

দেশের দরিদ্র কোটি মানুষ কম দামে আজ রবিবার থেকে টিসিবির নিত্যপণ্য পাবে। রংপুরের কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আঁচ থেকে স্বল্প আয়ের মানুষকে বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা ও বরিশাল সিটি করপোরেশনের বাইরে সারা দেশের ৮৭ লাখ ১০ হাজার ‘ফ্যামিলি কার্ডধারী’ এ পণ্য পাবেন।
এছাড়া ঢাকা সিটির ১২ লাখ এবং বরিশাল সিটির ৯০ হাজার উপকারভোগীর মধ্যে আগের মতো কম দামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত শুক্রবার সাংবাদিকদের বলেছেন, এটি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। এই কর্মসূচির মাধ্যমে দেশের ৫ কোটি মানুষ উপকৃত হবেন।
এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।

সূত্র জানিয়েছে, করোনাকালীন বিভিন্ন শ্রেণির মানুষকে নগদ সহায়তা প্রদানের যে ডেটাবেজ প্রণয়ন করা হয়েছিল, তার মধ্যে ৩০ লাখ পরিবারের পাশাপাশি সারা দেশে স্হানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সহায়তায় ৫৭ লাখ ১০ হাজার উপকারভোগীসহ মোট ৮৭ লাখ ১০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
উপকারভোগী নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনসংখ্যা, দারিদ্র্য সূচক বিবেচনা করা হয়েছে।

Comments (0)
Add Comment