রাতে অপহরণ, ভোরে ছেড়ে দেওয়া হলো নার্সকে

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাদেক হোসেন খানকে (৩৫) অপহরণ করে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১০টার দিকে হাসপাতাল চত্বর থেকে অপহরণের পর রোববার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে অপহরণের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ সদস্যরা হাসপাতালে আসেন। সাদেককে উদ্ধারে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান তারা। পরে রোববার ভোরে অপহৃত সাদেককে অপহরণকারীরা ছেড়ে দিলে তিনি নিজেই থানায় আসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সিনিয়র স্টাফ নার্স সাদেক হোসেন খানের হাসপাতালে নাইট ডিউটি ছিল। এর মাঝে এশা ও তারাবির নামাজ পড়তে হাসপাতাল মসজিদে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হলে সাদেককে কয়েকজন যুবক টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সকে অপহরণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। ভোরে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। অপহৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করব। তবে প্রাথমিক অবস্থায় আমরা জানতে পেরেছি, একটি হাসপাতালে রোগী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। বিষয়টি আমরা তদন্ত করছি।

Comments (0)
Add Comment