‘জনজীবন থেকে নারীদের নিশ্চিহ্ন করে দিতে চায় তালেবান’

আফগানিস্তানে নারীদের বাইরে যেতে পুরো শরীর বোরকায় ঢাকা বাধ্যতামূলক করে তালেবানের জারি করা আদেশে উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
এক টুইটার পোস্টে এই উদ্বেগ জানান পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী। খবর এএনআইয়ের।
সেই টুইট বার্তায় তিনি বলেন, তালেবানরা আফগানিস্তানের সমস্ত জনজীবন থেকে নারীদের বাদ দিয়ে দিতে চাইছে।
তাদের পরিবারের পুরুষ সদস্য ছাড়া ভ্রমণ করার ক্ষমতা অস্বীকার করা, তাদের মুখ এবং শরীর সম্পূর্ণরূপে ঢেকে রাখতে বাধ্য করার মাধ্যমে তারা চাইছে মেয়েদের স্কুল এবং নারীদের কাজের বাইরে রাখতে।

আফগানিস্তানের ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে আখুন্দজাদার আদেশটি পড়ে শোনান।
আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবানপ্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদার গত শনিবার জারি করা আদেশে বলা হয়, নারীদের উচিত মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে থাকা বোরকা পরা।
নারীদের বাইরে যদি জরুরি কাজ না থাকে তবে বাড়িতে অবস্থান করাই ভালো।
কোনো নারী এ নির্দেশনা না মানলে তার বাবা কিংবা নিকটতম পুরুষ আত্মীয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

Comments (0)
Add Comment