যাত্রীদের জন্য এমিরেটসের নতুন মাইল অফার

দুবাইয়ে যত মিনিট অবস্থান, তত এয়ারলাইন মাইল—এমনই আকর্ষণীয় প্রচারাভিযান নিয়ে ফিরেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস।

দুবাইয়ে যত মিনিট অবস্থান, তত এয়ারলাইন মাইল—এমনই আকর্ষণীয় প্রচারাভিযান নিয়ে ফিরেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস। তাদের আনুগত্য কর্মসূচি এমিরেটস স্কাইওয়ার্ডসের আওতায় দুবাইয়ে অবস্থানের প্রতি মিনিটের জন্য একটি করে বোনাস মাইল পাবেন যোগ্য যাত্রীরা। এ কর্মসূচিতে একজন সদস্য সর্বোচ্চ ৭ হাজার ২০০ বোনাস মাইল অর্জন করতে পারবেন।

২১ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রচারাভিযান চলবে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তবে অফারটি পেতে ২১ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে নিবন্ধন ও যোগ্য ফিরতি টিকিট বুক করতে হবে। ভ্রমণকারীদের অবশ্যই এমিরেটসের নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে হবে।

এমিরেটস জানিয়েছে, টিকিটে উল্লেখ করা নির্ধারিত আগমন ও প্রস্থান সময়ের ভিত্তিতে দুবাইয়ে অবস্থানের সময় গণনা করা হবে। অফারটি এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের নির্দিষ্ট যোগ্য ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য।

হিসাব অনুযায়ী, দুবাইয়ে ২৪ ঘণ্টা অবস্থান করলে পাওয়া যাবে ১ হাজার ৪৪০ বোনাস মাইল। দুই দিন অবস্থানে মিলবে ২ হাজার ৮৮০ মাইল। আর পাঁচ দিন অবস্থান করলেই সর্বোচ্চ ৭ হাজার ২০০ বোনাস মাইল অর্জন করা সম্ভব। তবে এর বেশি সময় অবস্থান করলেও বোনাসের পরিমাণ বাড়বে না।

এই সুবিধা পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যাত্রা শুরু করতে হবে সংযুক্ত আরব আমিরাতের বাইরে থেকে এবং দুবাইয়ে নির্ধারিত সময় অনুযায়ী অন্তত ২৪ ঘণ্টা অবস্থান করতে হবে। একমুখী টিকিট ও পুরস্কার মাইল দিয়ে কেনা টিকিট এ অফারের আওতায় পড়বে না। সংযুক্ত আরব আমিরাত থেকে যাত্রা শুরু করা টিকিট এবং দেশটিতে ইস্যু করা টিকিটও অযোগ্য। স্কাইওয়ার্ডস অ্যাকাউন্টে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা হিসেবে নিবন্ধিত সদস্যরাও এ সুবিধা পাবেন না।

এমিরেটসের ক্ষেত্রে ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাসের নির্দিষ্ট ভাড়া এ অফারের আওতাভুক্ত। ফ্লাইদুবাইয়ের ইকোনমি শ্রেণির লাইট, ভ্যালু ও ফ্লেক্স এবং বিজনেস শ্রেণির যোগ্য ভাড়াও অন্তর্ভুক্ত। তবে ফ্লাইটে অবশ্যই এমিরেটসের ‘ইকে’ অথবা ফ্লাইদুবাইয়ের ‘এফজেড’ ফ্লাইট নম্বর থাকতে হবে এবং পরিচালনাকারী সংস্থা হতে হবে সংশ্লিষ্ট বিমান সংস্থা। অন্য কোডশেয়ার ও আন্তলাইন ফ্লাইট এ সুবিধার বাইরে থাকবে।

অর্জিত মাইল দিয়ে শর্তসাপেক্ষে এমিরেটসের পুরস্কার টিকিট কিংবা উড়োজাহাজের শ্রেণি উন্নীত করার সুযোগ রয়েছে। তবে মাইল ব্যবহারের ক্ষেত্রে আসনপ্রাপ্যতা, প্রয়োজনীয় মাইলের সংখ্যা এবং অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।

এমিরেটসের এ উদ্যোগের লক্ষ্য দুবাইয়ে যাত্রীদের অবস্থানকে আরও আকর্ষণীয় করে তোলা। তবে অফারটি কাজে লাগানোর আগে নিবন্ধন, টিকিটের যোগ্যতা ও অন্যান্য শর্ত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment