বাংলাদেশি ২০ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর সমুদ্রে ভাসতে থাকা ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড।

আজ বুধবার দুপুরে ভারতীয় কোস্ট গার্ড এক টুইট বার্তায় জানায়, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর ভারতীয় কোস্ট গার্ড তার দ্রুত সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ২০ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করে। বিদ্যমান সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে এই জেলেদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। ’

এদিকে ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং স্থলভাগে প্রবেশের পর সাগরে কোনো নৌযান ভাসছে কি না তা দেখতে ভারতীয় কোস্ট গার্ড তার জলসীমায় উড়োজাহাজ ‘ডর্নিয়ার’ পাঠায়।

ওই উড়োজাহাজ ভারতের পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের ১৬৬ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে ২০ জনকে চিহ্নিত করে।

ওই জেলেদের নৌকা ডুবে গিয়েছিল। তারা কোনোমতে সাগরে ভেসে ছিলেন। ভারতীয় কোস্ট গার্ড ওই জেলেদের উদ্ধারে ডর্নিয়ার উড়োজাহাজ থেকে ভেলা নামায়। সেই ভেলায় জেলেদের তোলা হয়। এরপর তাদের কোস্ট গার্ড থেকে ‘বিজয়া’ নামের জাহাজে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Comments (0)
Add Comment