গত সপ্তাহে উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারানো ভারত চলতি টি২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল। সিডনিতে আজ নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়েছে রোহিত শর্মার দল।
৫২ বলে ৮২ রান করে পাকিস্তান ম্যাচে জয়ের নায়ক বিরাট কোহলি আজও নায়ক। ১১ রানের মাথায় লোকেশ রাহুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন পল ফন মিকিরেন। দ্রুতই এক উইকেট পতনের পর রোহিতকে নিয়ে হাল ধরেন কোহলি। এ জুটি ৫৬ বলে ৭৩ রান যোগ করে স্থিতি আনেন। রোহিত ৩৯ বলে ৫৩ রান করে ফ্রেড ক্লাসেনের শিকার হলেন কোহলির সঙ্গে যোগ দেন হার্ডহিটার সূর্যকুমার যাদব। এ জুটি কোনো সুযোগই দেয়নি ডাচদের। ৪৮ বলে ৯৫ রানে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন তারা।
কোহলি ৪৪ বলে ৬২ ও সূর্যকুমার ২৫ বলে ৫১ রান করেন। জবাব দিতে নেমে ডাচরাও ১১ রানে প্রথম উইকেট হারায়। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। ১০১ রানে নবম উইকেটের পতন ঘটে। শারিজ আহমাদ ও মিকিরেন শেষ দুই ওভার আর কোনো উইকেটের পতন হতে দেননি, যা তাদের অলআউটের লজ্জা থেকে বাঁচায়।
সুপার টুয়েলভ পর্বে এটা নেদারল্যান্ডসের দ্বিতীয় হার। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৯ রানে হেরেছে তারা।
টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ট্যু’তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। তিন পয়েন্ট নিয়ে তাদের পরেই দক্ষিণ আফ্রিকা, যারা আজ বাংলাদেশকে হারায় ১০৪ রানের বড় ব্যবধানে।
গ্রুপ ‘ট্যু’র আরেক ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে পাকিস্তান