নিউইয়র্কে ইমাম হত্যার ঘটনা বর্বরোচিত

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে ওজন পার্কে ইমামসহ দুজনকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ।নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে ইমামসহ দুজনকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তারা এ ঘটনাকে বর্বরোচিত ও ন্যক্কারজনক বলে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্রে এ ধরনের হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে দাবি করে তারা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে ওজন পার্কের ঘটনাসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব কথা উঠে আসে। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। তিনি বলেন, আল ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি এবং মুসল্লি তারা মিয়া হত্যার তীব্র নিন্দা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন।
এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান মার্কিন প্রশাসনের কাছে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এক প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, ‘এ হত্যাকাণ্ডের ব‌্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন যে কার্যকর ব্যবস্থা নিয়েছে, এতে আমরা সন্তুষ্ট। এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো চুপ থাকায় তাদের সমালোচনার বাইরে রাখা যায় না।’ এ ব্যাপারে সিদ্দিকুর বলেন, বাংলাদেশে যখন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তখন তারা, এমনকি মার্কিন প্রশাসনের উচ্চপর্যায় থেকে ফোন করে উদ্বেগ জানানো হয়। এ সময় মানবাধিকার সংগঠনগুলো অধিক মাত্রায় বক্তৃতা-বিবৃতি দিয়ে থাকে। কিন্তু ওজন পার্কের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো চুপ আছে।

সিদ্দিকুর বলেন, ‘বাংলাদেশিদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করব। এসব বৈঠকে সরকার এবং আওয়ামী লীগের উদ্বেগের কথা তুলে ধরা হবে।’

সংবাদ সম্মেলন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন নিউইয়র্ক সফর নিয়েও কথা বলেন। জানান, প্রধানমন্ত্রী আগামী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, বশারত আলী, আক্তার হোসেন, সামছুদ্দিন আজাদসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment