মহেশখালী চ্যানেল ভরাট করেই তৈরি হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। সাগরগর্ভে দৃশ্যমান হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের রানওয়ের কাজ। আর এটির নির্মাণকাজ শেষ হলে দেশের সর্ববৃহৎ রানওয়ে পরিণত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর।
প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশপথে দ্রুত যোগাযোগ স্থাপনের পাশাপাশি পর্যটন শিল্প বিকাশে আমূল পরিবর্তন নিয়ে আসবে এই বিমানবন্দর।
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ২০১৭ সালের ৬ মে সম্প্রসারিত রানওয়েতে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সে সময়ই এই বিমানবন্দরের রানওয়ে ৯ হাজার ফুট থেকে ১২ হাজার ফুটে উন্নীতকরণের নির্দেশ দেন তিনি। সেই নির্দেশনা মোতাবেক ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে “কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ” প্রকল্প নেওয়া হয়।
এ প্রকল্পের আওতায় ২৯০ হেক্টর ভূমি বন্দোবস্ত এবং ৮.৩৭ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় বিদ্যমান রানওয়ের দৈর্ঘ্য ৬,৭৭৫ ফুট হতে ৯ হাজার ফুটে এবং চওড়া ১০০ ফুট হতে ২০০ ফুটে উন্নীত করা হয়। এছাড়াও সুপরিসর বিমান উড্ডয়ন ও অবতরণের লক্ষ্যে বিদ্যমান রানওয়ের পিসিএন ১৭ হতে ৯০ এ উন্নীতকরণসহ আইএলএস ডিভিওআর, ক্যাট-১ এজিএল লাইট স্থাপন, নিরাপত্তা সীমানা প্রাচীর ও ড্রেনেজ কাজ সম্পন্ন করা হয়েছে। এই কাজের ব্যয় হয়েছে ৬০,৩৭১.০৫ লাখ টাকা।
এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৯ আগস্ট প্রধানমন্ত্রী সমুদ্রগর্ভে আরও ১,৭০০ ফুট রানওয়ে বর্ধিতকরণের লক্ষ্যে “কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ প্রকল্প” কাজের উদ্বোধন করেন। এ প্রকল্পটি সম্পন্ন হলে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে পূর্নলোডে সুপরিসর বিমান তথা, বি-৭৭৭-৩০০ ইজার, বি-৭৪৭-৪০০ জাতীয় বিমান উড্ডয়ন এবং অবতরণ নিশ্চিত হবে। প্রকল্পটি সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান “CYWEB- CCECC JV” এই প্রকল্প কাজ বাস্তবায়ন করছে।
প্রকল্পের আওতায় সমুদ্রগর্ভে ৪৩ হেক্টর ভূমি “পুনরুদ্ধা” প্রক্রিয়ায় ভরাটের মাধ্যমে ১,৭০০ ফুট রানওয়ে বর্ধিত করা হবে। ফলে রানওয়ের দৈর্ঘ্য ১০,৭০০ ফুটে উন্নীত হবে।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প পরিচালক মো. ইউনুস ভুঁইয়া বলেন, “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশের সর্ববৃহৎ রানওয়ে হিসেবে কক্সবাজারকে বহির্বিশ্বে পরিচিত করে তুলবে। এ প্রকল্পের আওতায় সমুদ্রগর্তে আরও প্রায় ২,২০০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট প্রিসিশন এপ্রোচ লাইট স্থাপনসহ বিদ্যমান রানওয়েতে ক্যাট-২ এজিএল সিস্টেম স্থাপন করা হবে। ফলে সুষ্ঠু ও নিরাপদ বিমান উড্ডয়ন এবং অবতরণ নিশ্চিত হবে।”
ইউনুস ভুঁইয়া আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব থেকে রানওয়ের সুরক্ষার্থে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরামর্শক প্রতিষ্ঠানের প্রণীত ডিজাইন মোতাবেক সমুদ্র তীরে রক্ষাপ্রদ বাঁধ নির্মাণসহ বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অপারেশনাল এলাকার চতুঃপার্শ্বে নিরাপত্তা টহল রাস্তাও নির্মাণ করা হচ্ছে। এতে সর্বমোট ব্যয় হবে ১৫ লাখ ৬৮ হাজার ৮৮৫.৫৬ লাখ টাকা। প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, কাজের বাস্তব অগ্রগতি ৪২.৬৫%। ২০২৩ সালের অক্টোবরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।”
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হোসেন বলেন, “আমরা বিমানের শিডিউল বৃদ্ধি করেছি। বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিন গড়ে ২৫-৩০টি যাত্রীবাহী বিমান ও ৬-৮টি কার্গো বিমান উঠানামা করছে। রাতে বিমান উঠানামার জন্যও প্রায় প্রস্তুত। সমুদ্রগর্ভে আরও লাইটিং সিস্টেম স্থাপনের কাজ চলছে।”
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, “আমরা খুবই উজ্জীবিত। রানওয়ে সম্প্রসারণের কাজটা ২০২৩ সালের অক্টোবর মাসে শেষ হতে যাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ২০২৩ সালের জুন মাসে চালু হবে। বিমানবন্দর এবং রেলপথের কাজ যেভাবে এগোচ্ছে, সেভাবে যদি আমরা এগোতে পারি তাহলে কক্সবাজার সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক মানের পর্যটন স্থান হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে। আমরা মনে করি, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে জিডিপিতেও কক্সবাজার জেলা অবদান রাখবে।”
বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার লক্ষ্যে এ বিমানবন্দরে ২৭ হাজার ৭৮৮ লাখ টাকা ব্যয়ে একটি আন্তর্জাতিক যাত্রী প্রাপ্তিক ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। ২০২৩ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের কাজ ৮২% সম্পন্ন হয়েছে।
উক্ত প্রকল্পের আওতায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আন্তর্জাতিক যাত্রী প্রান্তিক ভবন, একটি বোর্ডিং ব্রিজ স্থাপন, সুপরিসর বিমান পার্কিং এপ্রোণ ও ১৯০টি অভ্যন্তরীণ/ আন্তর্জাতিক যাত্রী এবং ৩৫টি ভিআইপি গাড়ি পার্কিং বিশিষ্ট কারপার্ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্প কাজটি সম্পাদন হলে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সম্ভবপর হবে।
পর্যটন শিল্প বিকাশে কক্সবাজারকে ঢেলে সাজাতে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। বিশেষ করে মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দর, দোহাজারী থেকে কক্সবাজার হয়ে ঘুমধুম পর্যস্ত রেল লাইন প্রকল্পসহ কক্সবাজারে বহু মেঘা প্রকল্প চালু রয়েছে। ইতোমধ্যে এসব কাজের গতি আরও বৃদ্ধি পেয়েছে। যোগাযোগ ব্যবস্থার কাজগুলো ধার্য তারিখের মধ্যে সম্পন্ন করা গেলে সত্যিকার অর্থে কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন এলাকা হিসাবে আরও পরিচিতি লাভ করবে এবং সু-প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তিতে কক্সবাজারের যে অবদান এটা জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মনে করেন সংশ্লিষ্ট অনেকে।