প্রার্থীদের অধিকাংশই স্বতন্ত্র। অনেকেই বড়জোর একটি বা দুটি অঙ্গরাজ্যে প্রার্থী হিসেবে গৃহীত হবেন। ব্যতিক্রম হলেন লিবার্টারিয়ান পার্টির গ্যারি জনসন এবং গ্রিন পার্টির জিলস্টাইন, যাঁরা কমপক্ষে ২০টি অঙ্গরাজ্যের ব্যালটে থাকা নিশ্চিত করেছেন।
২০টির কম কিন্তু পাঁচের বেশি অঙ্গরাজ্যের ব্যালটভুক্ত হয়েছেন এমন প্রার্থী বা দলের মধ্যে রয়েছে পার্টি অব সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন, সোশ্যালিস্ট পার্টি, রিফর্ম পার্টি ও সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি। পাঁচটির কম রাজ্যে তালিকাভুক্ত হয়েছেন এমন প্রার্থী বা দলের সংখ্যা কমপক্ষে ১৫। তাঁদের মধ্যে রয়েছেন ক্যালিফোর্নিয়ার রেভল্যুশনারি পার্টির প্রিন্সেস খাদিজা, পেনসিলভানিয়ার প্রহিবিশন পার্টির জিম হেজ এবং নিউইয়র্কের ওয়ার্কার্স পার্টির মনিকা মোরহেড।
এর বাইরেও ‘রাইট-ইন’ প্রার্থী হিসেবে নিজেদের নাম তালিকাভুক্ত করেছেন প্রায় আট শ ব্যক্তি। যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যেই কোনো দলীয় সংযুক্তি ছাড়াও ব্যক্তিগতভাবে নিজেকে ‘রাইট-ইন’ প্রার্থী হিসেবে তালিকাভুক্তির আইন রয়েছে। এঁদের অধিকাংশ যাঁর যাঁর নিজের রাজ্যের ব্যালটে থাকছেন। যাঁরা বড় দলের প্রার্থীদের ব্যাপারে অসন্তুষ্ট, তাঁরা এঁদের যেকোনো একজনকে ভোট দিতে পারেন।
যুক্তরাষ্ট্রে নির্বাচনী আইন শিথিল থাকায় এ বছর কোনো কোনো অঙ্গরাজ্যে এমন সব অদ্ভুত নাম নির্বাচন কমিশনে নথিভুক্ত হয়েছে যা শুধু কাল্পনিকই নয়, রীতিমত আপত্তিজনক। যেমন, নর্থ ক্যারোলাইনার একজন প্রার্থীর নাম ‘ডিজ নাটস’ (সোজা বাংলায় ‘এইসব পাগল’) যিনি সর্বশেষ জনমত জরিপে ৩ শতাংশ সমর্থন পেয়েছেন। নর্থ ক্যারোলাইনায় তার সমর্থন ৯ শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অবশ্য শুধু একবার একজন ‘স্বতন্ত্র’ প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তবে তৃতীয় পার্টির অংশগ্রহণের ফলে নির্বাচনের ফলাফলে বড় রকমের হেরফের হওয়ার নজির রয়েছে। ১৯৯২ সালে স্বতন্ত্র প্রার্থী রস পেরো ১৯ শতাংশ ভোট পাওয়ায় জর্জ বুশ পরাস্ত হন বিল ক্লিনটনের কাছে।
এ বছরের নির্বাচনে কোনো কোনো জনমত জরিপে লিবার্টারিয়ান পার্টির পক্ষে ১০ শতাংশ ও গ্রিন পার্টির পক্ষে ৪ শতাংশ সমর্থন রয়েছে। লিবার্টারিয়ান পার্টির দুই প্রার্থী গ্যারি জনসন ও বিল ওয়েল্ড উভয়েই রিপাবলিকান পার্টির সাবেক সদস্য। ফলে ব্যালটে তাঁদের নাম থাকায় কোনো কোনো রাজ্যে ডোনাল্ড ট্রাম্প ঝামেলায় পড়তে পারেন। অন্যদিকে গ্রিন পার্টির জিলস্টাইন ও আজামু বারাকা সিনেটর বার্নি স্যান্ডার্সের ডেমোক্রেটিক সমর্থকদের নিজের পক্ষে টেনে নেবেন বলে ভাবা হচ্ছে। তাতে কোথাও হয়তো হিলারি ক্লিনটনের ভোটে টান পড়বে। তবে এই দুই ‘তৃতীয় দলে’র কারণে ট্রাম্প বা হিলারি কোনো অঙ্গরাজ্য হারাবেন, তেমন কোনো ইঙ্গিত মেলেনি।