কুয়াশায় ঢাকা বিমানবন্দর, কলকাতা ও ইয়াঙ্গুনে পাঠানো হয়েছিল ৩ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। রাত ২টা থেকে ঘন কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখা যাচ্ছিল না। এতে বিপাকে পড়ে বেশ কয়েকটি বিমান।

 

মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঢাকার বিমান বন্দরে ৩টি ফ্লাইট নামতে পারেনি। ঢাকার আকাশে চক্কর দিয়ে এদের মধ্যে একটি গেছে মিয়ানমারে, অন্য দুইটি গেছে কলকাতায়। তবে কুয়াশা কেটে গেলে ফ্লাইটগুলো ফের ঢাকায় ফিরে আসে।

জানা গেছে, কুয়েত ও সৌদি আরব থেকে আসা দুটি ফ্লাইট ঢাকা অবতরণের জন্য দীর্ঘক্ষণ ঢাকার আকাশে ঘুরতে থাকে। কিন্তু নামতে না পেরে ফ্লাইট দুটি ভারতের কলকাতা বিমানবন্দরে চলে যায়। অন্য দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়ার ফ্লাইট মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, রাতে ঢাকায় নামতে না পেরে ফ্লাইটগুলো কলকাতা ও ইয়াঙ্গুনে গিয়ে অবতরণ করেছিল। পরে সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটগুলো আবাও ঢাকায় ফিরে এসেছে।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম বন্ধ ছিল। প্রায় ৬ ঘণ্টা পর ফ্লাইট উড্ডয়ন শুরু হয়। ওই সময় ঢাকায় আসা ফ্লাইটগুলোকে আশপাশের বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। এছাড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে ঢাকা থেকে প্রায় ১৫-২০টি ফ্লাইট সঠিক সময়ে উড্ডয়ন করতে পারেনি।

Comments (0)
Add Comment