কানাডায় বাড়ি কিনতে পারবেন না বিদেশিরা

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাড়ি কেনার সুযোগ বন্ধ করে দিল কানাডা। বছরের প্রথম দিন থেকেই এ আইন কার্যকর করা হয়েছে। এ খবর জানিয়েছে সিএনএন।

বাড়ির দাম ক্রমাগত বাড়তে থাকায় আগামী দুই বছর বিদেশিরা দেশটিতে বিনিয়োগ হিসেবে বাড়ি বা আবাসিক সম্পত্তি কিনতে পারবেন না।

মহামারির শুরুর পর থেকে কানাডিয়ান বাড়ির দাম বাড়তে থাকে। সে কারণে বাড়ির দামে লাগাম টানতেই আইনটি পাস করা হয়েছে।

দেশটির কিছু রাজনীতিক নেতা বিশ্বাস করেন, বিদেশি ক্রেতাদের কারণেই বাড়ির দাম বাড়ছে।

গেল বছর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দলের ক্যাম্পেইন ওয়েবসাইটে বলা হয়, কানাডার বাড়িগুলো লাভজনক। এগুলো ধনী প্রতিষ্ঠান ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। এটা একটা সত্যিকারের সমস্যা সৃষ্টি করছে। বাড়িগুলো দেশের মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য নয়।

তবে নতুন আইনের কারণে সেখানকার হাউজিং ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আইনের কিছু বিষয় নমনীয় করার আহ্বান জানিয়েছে।

Comments (0)
Add Comment